রবিবার ৫ই ফেব্রুয়ারী, ২০১২
বাংলাদেশীদের উপর বিএসএফের অত্যাচার; সরব স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের নাগরিকদের উপর ভারতীয় সেনাবাহিনী বিএসএফের অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি অনুষ্ঠানে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেড সাহারা খাতুন বাংলাদেশীদের উপর ভারতীয় সেনাবাহিনী বিএসএফের অত্যাচারের তীব্র সমালোচনা করেছেন। এদিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশীদের উপর বিএসএফের অত্যাচার বাংলাদেশ সরকার কোনভাবে আপোষ করবেনা। সম্প্রতি বাংলাদেশীদের অপহরণ সহ বিএসএফ কর্তৃক তাদের নানা ধরনের নির্যাতনের ঘটনার প্রতিক্রিয়ায় এদিন স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। পাশাপাশি সম্প্রতি ব্যার্থ সেনা অভ্যুত্থানে জড়িত ব্যাক্তিদের সামরিক সহ বেসামরিক আইনে অবিলম্বে বিচারের সম্মুখীন করা হবে বলেও এদিন তিনি জানিয়ে দিয়েছেন।
বাংলাদেশের মৌলভীবাজারে চিকিৎসক ধর্মঘট অব্যাহত
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের মৌলভীবাজারে চিকিৎসকদের ধর্মঘট এখনো অব্যাহত। মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালত কর্তব্যে গাফিলতির অভিযোগে এক চিকিৎসক সহ দুইজনকে একমাসের কারাদন্ডের নির্দেশ দেয়। এই ঘটনার প্রতিবাদে মৌলভীবাজার জেলায় ধর্মঘট শুরু করেছে সরকারী চিকিৎসকরা। টানা তিনদিন ধরে চলা এই ধর্মঘটের ফলে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার প্রতিটি হাসপাতালগুলিতে রোগীরা বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন। দরিদ্র রোগীরা রীতিমত বিপাকে পড়েছেন। জেলার মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সাজাপ্রাপ্ত চিকিৎসককে নিঃশর্ত মুক্তি সহ ভ্রাম্যমান আদালতের সাথে জটির ব্যাক্তিদের প্রত্যেককে প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের এই ধর্মঘট চালিয়ে যাবেন।
সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোটে ভেটো দিল রাশিয়া চীন
নিজস্ব প্রতিনিধিঃ সিরিয়ায় হিংসা বন্ধ করার লক্ষে জাতী সংঘের নিরাপত্তা পরিষদে আরব লীগের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে ভোটগ্রহণ অনুষ্ঠানে ভেটো দিল রাশিয়া এবং চীন। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরব লীগের প্রস্তাবের পক্ষে বিশ্বের ১৩টি দেশ ভোট দিলেও রাশিয়া এবং চীন বিপক্ষে ভোট দেয়। তাদের যুক্তি অনুযায়ী ওই প্রস্তাবের মাধ্যমে পশ্চিমাদেশগুলি সিরিয়ার সরকার পরিবর্তনের চেষ্টা করবে। এই ঘটনায় একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করা হবে এই যুক্তিতে তারা ভেটো দিয়েছে। রাশিয়া এবং চীনের ভেটো দেওয়ার সিদ্ধান্তকে লজ্জাজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন এবং ফ্রান্সও এই ঘটনার নিন্দা জানিয়েছে। তাদের মতে এই ভেটোর ফলে সিরিয়া সরকারের বিরুদ্ধে জাতিসংঘের ব্যবস্থা নেওয়ার পথ আপাতত বন্ধ হয়ে গেল। এরফলে সিরিয়ায় হিংসার ঘটনা আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছেন।
উত্তরপ্রদেশে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কা
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভার প্রাককালে নির্বাচনী প্রচারে জোরকদমে নেমেছে কংগ্রেস নেতৃত্ব। রবিবার রাহুল গান্ধীর হয়ে নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশের রায়বেড়িলী সহ বিভিন্ন জায়গায় সফর করেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিন রায়বেড়িলীতে কংগ্রেসের হয়ে জনসভাও করেন তিনি। এদিন জনসভা থেকে প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের জনগণকে তাদের নিজেদের উন্নয়নয়ের লক্ষে উত্তরপ্রদেশে কংগ্রেস দলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী এদিন জানিয়েছেন একটি এলাকার বিধায়ক এবং সাংসদ একই দলের হলে সেখানে উন্নয়ন দ্রুত গতিতে করা সম্ভব। কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করার পাশাপাশি এদিন তিনি বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র সমালোচনায় এদিন মুখর হন।
দক্ষিণ ভারতের অভিনেত্রী ক্যারোলিন গ্রেফতার
নিজস্ব সংবাদদাতাঃ দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হল দক্ষিণ ভারতের চিত্রাভিনেত্রী ক্যারোলিন ম্যারিয়াথকে। পুনের একটি ফাইভস্টার হোটেল থেকে দেহ ব্যবসার অভিযোগে ওই অভিনেত্রীকে পুলিশ গ্রেফতার করেছে। ক্যারোলিনের পাশাপাশি এই ঘটনায় তার ম্যানেজার এবং ফিল্ম স্টুডিওর মালিক রাজ কুমারকেও পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পুনের বিমলা নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। ক্যারোলিন ম্যারিয়াথ দক্ষিণ ভারতের বেশ কিছু চলচ্চিত্র এবং বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
রবিবার শেষ হল কলকাতা বইমেলা
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল ৩৬ তম আর্ন্তজাতিক বইমেলা। গত ২৫ জানুয়ারী কলকাতা বইমেলার উদ্বোধনের পর ২৬ জানুয়ারী থেকে শুরু হয়েছিল কলকাতা বইমেলা। এবারের কলকাতা বইমেলার থিম ছিল ইতালী। বাইপাসের মিলন মেলা প্রাঙ্গণে জাকজমক পূর্ণভাবে বইমেলা অনুষ্ঠিত হওয়ার পর রবিবার গিল্ডের তরফে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হল। বইমেলার শেষ দিনের আমেজ নিতে এদিন দুপুর বারোটায় বইমেলার দরজা খোলার পর থেকেই একে একে বহু মানুষ ভীড় জমিয়েছিল। এদিন রাত নটা পর্যন্ত বইমেলা চলার পর ঘণ্টা বাজিয়ে গিল্ডের তরফে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
মুর্শিদাবাদে মাদক দ্রব্য সহ গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদের লালগোলায় হিরোইন, মরফিন এবং হিরোইন তৈরীর উপকরন সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদে অভিযান চালায় লালগোলা থানার ওসি এবং জেলা পুলিশসুপারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে শিশা, রমজানপুর গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে পুলিশ ১৯ কেজি মরফিন, আড়াই কেজি হিরোইন সহ হিরোইন তৈরীর সামগ্রী উদ্ধার করে পুলিশ। অভিযানে হিরইন তৈরীর কারখানার সন্ধানও পেয়েছে তারা। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন সেলিম শেখ এবং আরিফ আলি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।
হরিদেবপুরে যুবকের রহস্য মৃত্যু
নিজস্ব সংবাদদাতাঃ এক যুবকে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হরিদেবপুরে। রবিবার সকালে হরিদেবপুরের ভুবনমোহিনী রোডের বৈশালী পার্ক এলাকায় একটি বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম সপ্তর্ষি সরকার। সে একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করত বলে জানা গেছে। এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ পৌছায়। জ্বলন্ত সিগারেটের থেকে আগুন লেগে গোটা ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দমবন্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘোলায় ছাত্রছাত্রী আত্মহত্যার ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
নিজস্ব সংবাদদাতাঃ ঘোলায় স্কুল আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করল ওই ঘটনায় মৃত দীপশিখা দামের বাবা। শনিবার দীপশিখা দামের বাবা দীপক দাম আত্মহত্যার ঘটনায় থানায় গিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় সুদীপ্ত চাকীর মায়ের বিরুদ্ধেও তিনি অভিযোগ জানিয়েছেন। গত বুধবার জুলিয়ন ডে স্কুলে আত্মহত্যার চেষ্টা করে ওই স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী দীপশিখা দাম এবং ছাত্র সুদীপ্ত চাকী। ঘটনাস্থলেই দীপশিখা দামের মৃত্যু হয়। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীর সহপাঠী সুদীপ্ত চাকী ভর্তি রয়েছে। দীপশিখা দামের বাবা এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ জানিয়েছেন। অপরদিকে ঘটনার পর সুদিপ্ত চাকীর মা তার ছেলে নিয়ে হাসপাতালে গেলেও দীপশিখা দামকে ঘটনাস্থলেই ফেলে রেখে যায়। দীপশিখার বাবার অভিযোগ সময় মতো তার মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মেয়ে হয়তো বেঁচে যেতে পারত। ঘটনার পর পুলিশ এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৩০৬ ধারা এবং সুদীপ্ত চাকীর বিরুদ্ধে ৩০৪/এ ধারায় মামলা শুরু করেছে।
বসিরহাটে চুরির অপবাদে আত্মঘাতী ছাত্র
নিজস্ব সংবাদদাতাঃ জুতো চুরির অপবাদে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক ছাত্র। রবিবার এই ঘটনাটি ঘটেছে বসিরহাটের মালতীপুরে। আত্মঘাতী ওই ছাত্রের নাম শাকিল আহমেদ। সে মালতীপুর ইসলামিয়া স্কুলের অষ্টম শ্রেনীর আবাসিক ছাত্র ছিল বলে জানা গেছে। শনিবার ওই বিদ্যালয়ের এক শিক্ষক মিজানুর রহমানের জুতো হারিয়ে যায়। ওই ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা জুতো চুরির অপবাদে শাকিলকে বকাবকি করেন। এরপর রবিবার সকালে বসিরহাট মালতীপুর স্টেশনের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়। আত্মঘাতী ওই ছাত্রের বাড়ি বারাসাতের কাজীপাড়ায় বলে জানা গেছে।
বর্ধমান হাসপাতালের ড্রেন থেকে রোগীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতাঃ হাসপাতালের ড্রেন থেকে এক চিকিৎসাধীন রোগীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ওই রোগীর নাম আশিষ বাগদী। তিনি হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে গত ২৮ জানুয়ারী থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই রোগীর ওয়ার্ডের অন্যান্য রোগীরা জানিয়েছে গতকাল রাত থেকেই ওই রোগী নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে এদিক অদিক ঘুরছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সে বিষয়ে কোন ভ্রুক্ষেপ করেনি। এরপর রাতে বিল্ডিংএর সামনে ড্রেনে পড়ে যায় ওই রোগী। সারারাত সেখানে পড়ে থাকলেও তাকে কেউ সেখান থেকে উদ্ধার করেনি। রবিবার ভোরে সেখানে তার মৃত্যু হয়। ওই ব্যাক্তির মৃত্যুর পরও বেশ দীর্ঘক্ষণ ধরে ঘটনাস্থলেই তার দেহ পড়েছিল। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ জানিয়েছে হাসপাতালের অন্যান্য রোগীর আত্মীয়রা।
বড়বাজারে রেস্তোরাঁয় কর্মীর মৃত্যুর ঘটনায় আটক ম্যানেজার
নিজস্ব সংবাদদাতাঃ বড়বাজারে একটি রেস্তোরাঁয় সাফাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রেস্তোরাঁকর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার রাতে বড়বাজার থানার সামনে অবস্থিত একটি রেস্তোরাঁয় সাফাইয়ের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত রেস্তোরাঁর এক কর্মী বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই ব্যাক্তিকে মৃত বলে ঘোষনা করে। মৃতের নাম রামকরন কামাথ। ঘটনার পর ঘটনাস্থলে বড়বাজার থানার পুলিশ পৌছায়। এই ঘটনার জেরে রবিবার সকালে বড়বাজার থানার পুলিশ ওই রেস্তোরাঁর ম্যানেজার সহ কয়েকজন কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
দমদমে জোগারে খুনের ঘটনায় গ্রেফতার মার্বেল মিস্ত্রী
নিজস্ব সংবাদদাতাঃ মার্বেল মিস্ত্রীর হাতে এক মহিলা জোগাড়ে খুন হওয়ার ঘটনায় পলাতক মার্বেল মিস্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে দমদম দুই নম্বর মোতিলাল কলোনির একটি বাড়িতে মার্বেলের কাজ চলাকালীন মার্বেল মিস্ত্রী তার মহিলা জোগাড়ের উপর হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ওই ঘটনায় ঘটনাস্থলেই মহিলা জোগাড়ের মৃত্যু হয়। মৃত ওই মহিলা জোগাড়ের নাম রহিমা বলে জানা গেছে। ওই ঘটনার পর অভিযুক্ত মার্বেল মিস্ত্রী নিমাই সর্দার পলাতক ছিল। শনিবার গভীর রাতে মধ্যমগ্রাম থেকে অভিযুক্ত ওই মার্বেল মিস্ত্রীকে পুলিশ গ্রেফতার করে। রবিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।
হরিরাম গোয়েঙ্কা স্ট্রীটের একটি দোকানে হীরা চুরি
নিজস্ব সংবাদদাতাঃ গয়নার দোকান থেকে ৩৩ লক্ষ টাকার হীরে এবং হীরের গয়না নিয়ে চম্পট দিল দোকানের এক কর্মচারী। ঘটনাটি ঘটেছে পোস্তা থানা এলাকার ৪৭, হরিরাম গোয়াঙ্কা স্ট্রীটের একটি গয়নার দোকানে। শনিবার ওই গয়নার দোকানের মালিক স্টক মিলিয়ে দেখার সময় দেখতে পায় তার দোকানের ৩৩ লক্ষ টাকার হীরে এবং হীরের গয়না চুরি গেছে। দোকান মালিক এরপর এই ঘটনায় দোকানের কর্মচারী সন্দীপ রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। দোকান মালিকের অভিযোগ সন্দীপ রায় নামে ওই কর্মচারী তার দোকানে বিগত দুই বছর ধরে কাজ করত। বেশ কিছুদিন ধরে সে দোকানে না আসায় মালিকের সন্দেহ হয়। এরপর শনিবার স্টক মিলিয়ে এই বিপুল অঙ্কের হীরা এবং হীরের গয়না চুরির বিষয়টি তার নজরে আসে। অভিযুক্ত ওই দোকান কর্মচারী উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ক্যানসারে আক্রান্ত হলে যুবরাজ সিংহ
নিজস্ব সংবাদদাতাঃ ক্যানসারে আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ। রবিবার যুবরাজ সিংহের ফিজিও এক কথা জানিয়েছে। গত অক্টোবর মাসে যুবরাজের ফুসফুস এবং হৃদযন্ত্রের মাঝে একটি টিউমার ধরা পড়ে। প্রথমে টিউমারটি নন ম্যালিগন্যান্ট বলে জানা গিয়েছিল। কিন্তু পরে আমেরিকার হাসপাতালে ভর্তি হওয়ার পর আমেরিকার চিকিৎসকরা টিউমারটি ম্যালিগন্যান্ট বলে জানতে পারেন। তবে ক্যানসারের প্রথম স্টেজে ধরা পড়ায় যুবরাজ সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠবেন বলে তার ফিজিও জানিয়েছেন। আগামী এপ্রিল মাসের মধ্যেই যুবরাজ সিংহ সুস্থ্য হয়ে উঠবেন বলে তার ফিজিও মনে করছেন। জানুয়ারী মাসের শেষের দিক থেকে যুবরাজ বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। আমেরিকার একটি হাসপাতালে তার কেমোথেরাপী চলছে।